Wednesday, September 2

শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রা নিশ্চিতে ইউআইইউতে ১৮টি এসি বাস চালু

|| নিজস্ব প্রতিবেদক ||

শিক্ষার্থীদের যাতায়াত আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সময়সাশ্রয়ী করার লক্ষ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ১৮টি নতুন এসি বাস সার্ভিস চালু করা হয়েছে। আজ ২ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১১টায় ইউআইইউ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এ পরিবহন সেবার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ইউআইইউর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের যুগ্ম সাধারণ সম্পাদক মইনুদ্দীন হাসান রশীদ। এছাড়াও অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের সময়মতো ক্যাম্পাসে পৌঁছানো এবং দৈনন্দিন যাতায়াত সহজ করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঢাকা শহরের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে এ এসি বাস সার্ভিস চালু করেছে।

প্রধান অতিথির বক্তব্যে হাসান মাহমুদ রাজা বলেন, ইউআইইউ সবসময় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াত ও অন্যান্য প্রয়োজনীয় সেবাকে সমান গুরুত্ব দেয়। নতুন এই পরিবহন সেবা শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত উপস্থিতি ও সময়ানুবর্তিতায় ইতিবাচক ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি মইনুদ্দীন হাসান রশীদ বলেন, শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ইউনাইটেড গ্রুপ সবসময় কাজ করে যাচ্ছে। ইউআইইউকে আন্তর্জাতিক মানের জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০১৮ সালে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের পর থেকেই শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শাটল সার্ভিস ও ভর্তুকি মূল্যে পরিবহন সেবা দেওয়া হচ্ছিল। তারই ধারাবাহিকতায় এবার ১৮টি নতুন এসি বাস সংযোজন করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *