Tuesday, August 11

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়ার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছ থেকে সরিয়ে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির কাছে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়। পরে সেখানে তারা এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

এ সময় শিক্ষার্থীদের ‘টাকা নয়, মেধা’, ‘কোটা গেছে যেই পথে, কমিটি যাবে সেই পথে’, ‘চাচা-মামা না চাকরি, চাকরি চাকরি’, ‘নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, এনটিআরসিএ-এর কাছ থেকে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে ফিরিয়ে দেওয়া হলে নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি ও ব্যাপক অনিয়মের সুযোগ তৈরি হবে। এতে মেধাবী প্রার্থীরা বঞ্চিত হবেন এবং শিক্ষক নিয়োগ আবারও অর্থ ও রাজনৈতিক প্রভাবনির্ভর হয়ে পড়বে। অতীতে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগে নানা ধরনের দুর্নীতির অভিযোগ ছিল। তাই সেই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে এনটিআরসিএ-এর মাধ্যমেই স্বচ্ছ প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ বহাল রাখার জোর দাবি জানান তারা।

ইবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, “আমরা কোনো ম্যানেজিং কমিটির মাধ্যমে স্কুল, কলেজ ও মাদ্রাসার নিয়োগ প্রক্রিয়া চাই না। যেভাবে এনটিআরসিএ-এর মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চলছিল, আমরা সেভাবেই চাই। প্রয়োজনে স্থায়ী কোনো আইন করে এনটিআরসিএ-এর হাতেই সব নিয়োগ ক্ষমতা তুলে দিতে হবে।”

তিনি আরও বলেন, “অতীতের অভিজ্ঞতায় দেখেছি, ম্যানেজিং কমিটির হাতে ক্ষমতা থাকলে শিক্ষকদের পদোন্নতি বা প্রধান শিক্ষক হওয়ার জন্য স্থানীয় প্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরতে হতো। আমরা এই দাসপ্রথার চিরস্থায়ী বিলুপ্তি চাই। যারা সরকারের কাছে এই ধরনের পরামর্শ দিচ্ছে, তারা কোনোভাবেই বর্তমান সরকারের মঙ্গল চায় না।”

মানববন্ধনে ইবি শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট বলেন, “ম্যানেজিং কমিটির হাতে নিয়োগ ক্ষমতা ফিরিয়ে দেওয়ার যে বিতর্কিত সিদ্ধান্ত নিতে চাচ্ছেন, তা অবিলম্বে বাতিল করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরকার এই সিদ্ধান্ত পরিবর্তন না করলে সাধারণ ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

এ সময় তিনি ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সরকারপ্রধানের সাম্প্রতিক বৈঠকের প্রসঙ্গে উল্লেখ করে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্তের বিষয়ে তীব্র প্রতিবাদ জানান।

উল্লেখ্য, গত সোমবার (১০ আগস্ট) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএ-এর পরিবর্তে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির হাতে ন্যস্ত করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপর থেকেই এই সিদ্ধান্তের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ ও আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *