
|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোকপ্রশাসন বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগের অধ্যাপক ড. মুন্সি মুর্তজা আলী। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টায় বিভাগের কনফারেন্স রুমে তাকে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. ফকরুল ইসলাম।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভাগের সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. ফকরুল ইসলাম, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. পার্থ সারথি লস্কর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ওবায়দুল ইসলামসহ লোকপ্রশাসন বিভাগের অন্যান্য শিক্ষকরা।
এর আগে সোমবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে অধ্যাপক ড. মুন্সি মুর্তজা আলীকে লোকপ্রশাসন বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফকরুল ইসলামের সভাপতির মেয়াদ শেষ হওয়ায় বিভাগের পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. মুন্সি মুর্তজা আলীকে ইসলামী বিশ্ববিদ্যালয় সংবিধির সংশোধিত ১০(১) ধারা অনুযায়ী ১০ আগস্ট থেকে পরবর্তী তিন বছরের জন্য বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
উক্ত বিজ্ঞপ্তিতে দীর্ঘদিন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সভাপতির দায়িত্ব পালন করায় অধ্যাপক ড. ফকরুল ইসলামকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান পরীক্ষার হলে সব ধরনের নকল বন্ধে বিভাগের শিক্ষক ও পরিদর্শকদের কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। এ ছাড়াও ফলাফলে অনাকাঙ্ক্ষিত পরিবর্তন বা ম্যানিপুলেশন রোধে পরীক্ষার নম্বরপত্র পরীক্ষা কমিটির কাছে জমা দেওয়ার দিনই পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরেও জমা দেওয়ার নির্দেশনা দেন উপাচার্য।
