
|| কুড়িগ্রাম প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় নাগেশ্বরী সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঘটনার প্রত্যক্ষদর্শী আতাউর রহমান।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে চলমান মামলার তদন্তকে ভিন্নখাতে প্রবাহিত করার পাশাপাশি তদন্ত প্রতিবেদনের ওপর প্রভাব বিস্তারের অপচেষ্টা চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে একটি জাতীয় দৈনিকে ‘নাগেশ্বরীতে ঘুষ খেয়ে মিথ্যা তদন্ত প্রতিবেদন, অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিকর ও বাস্তবতাবিবর্জিত।
তিনি বলেন, প্রকাশিত প্রতিবেদনে বিবাদীপক্ষ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে দাবি করা হলেও প্রকৃতপক্ষে তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে জমি জবরদখলের ঘটনায় সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন। প্রত্যক্ষদর্শী সাক্ষীদের জবানবন্দি ও তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই তদন্ত কর্মকর্তা এসআই শিমুল সরকার আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে ওই প্রতিবেদনের ভিত্তিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গত ১৮ জুন বিবাদীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আতাউর রহমান আরও বলেন, ভিত্তিহীন ও একপাক্ষিক সংবাদ প্রকাশের মাধ্যমে তদন্ত কর্মকর্তা এবং ভুক্তভোগী পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে। তিনি এ ধরনের সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমকে তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের আহ্বান জানান।
