Wednesday, July 29

ফুলেল শুভেচ্ছায় সিক্ত সুবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ড. মো. জাকির হুসাইন

|| নিজস্ব প্রতিবেদক ||

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রথিতযশা শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. জাকির হুসাইনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় পরিবার। বুধবার (২৯ জুলাই) তিনি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর দাপ্তরিক কাজ শুরু করেছেন।

এর আগে গত সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’-এর ১০ (১) ধারা অনুযায়ী ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), কুষ্টিয়ার আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর (গ্রেড-১) ড. মো. জাকির হুসাইনকে চার বছরের জন্য নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

পাবনা সাঁথিয়ার কৃতি সন্তান অধ্যাপক ড. মো. জাকির হুসাইন বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালযের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা।

এছাড়াও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. জনি মিয়াসহ অন্যান্য অতিথিবৃন্দ ও সুধীজন নবনিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা জানান।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মো. জাকির হুসাইন বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের উচ্চশিক্ষা ও আধুনিক গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *