শুক্রবার, মে ১

মানিকগঞ্জে টাকা ও জমির জন্য বৃদ্ধ বাবা-মাকে বেধড়ক পিটিয়ে আহত করল ছেলে

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের পুটাইল ইউনিয়নের কৈতুড়া গ্রামে টাকা ও জমির জন্য বৃদ্ধ বাবা-মাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে মোঃ মেহেদী হাসান (২৭) নামের এক যুবকের বিরুদ্ধে। আহত বাবা মোঃ জয়নাল মৃধা (৭০) ও মা ফুলজান বেগমকে (৬৫) স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জয়নাল মৃধার দুই ছেলে যার যার মতো আলাদা সংসার করেন। বেশ কিছুদিন আগে বাবা জয়নাল মৃধার কাছ থেকে দেড় লাখ টাকা ধার নেন ছোট ছেলে মেহেদী হাসান। শুক্রবার সন্ধ্যায় বাবা ওই টাকা ফেরত চাইলে মেহেদী তার বৃদ্ধ বাবা ও মায়ের সাথে ঝগড়া শুরু করেন।

একপর্যায়ে মেহেদী তার বাবার কাছে থাকা ১৫ শতক জমি নিজের নামে লিখে দেওয়ার দাবি জানান এবং আগের ধার নেওয়া টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে বাবা তাকে ধমক দিলে মেহেদী ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তার বাবাকে বেধড়ক মারধর শুরু করেন। এতে বৃদ্ধ বাবার পা ও মাথা ফেটে যায়। এ সময় মা ফুলজান বেগম তার স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে ছেলে তাকেও পিটিয়ে আহত করেন। বাড়িতে অন্য ভাই না থাকায় তাঁদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দুজনকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।

এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জয়নাল মৃধার অপর ছেলে থানায় গিয়ে এই বিষয়ে ওসির (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সাথে কথা বলেছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *