
|| আন্তর্জাতিক ডেস্ক ||
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনী ও পুলিশের পৃথক দুটি অভিযানে অন্তত সাতজন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন। এর মধ্যে রাজধানী কোয়েটার উপকণ্ঠে পুলিশের সঙ্গে গোলাগুলিতে পাঁচজন এবং তুরবাত জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে দুজন নিহত হন।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর একাধিক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সামা টিভি।
নিরাপত্তা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, কোয়েটার উপকণ্ঠের আগবার্গ এলাকায় একটি পুলিশ চেকপোস্টে একদল সশস্ত্র ব্যক্তি হামলা চালালে পুলিশ সদস্যরা পাল্টা গুলি চালান। কয়েক ঘণ্টাব্যাপী ব্যাপক গোলাগুলির একপর্যায়ে পাঁচ সন্দেহভাজন জঙ্গি নিহত হন। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও ফ্রন্টিয়ার কোরের (এফসি) সদস্য মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের সহযোগী বা অন্যান্য হুমকির সন্ধানে পুরো এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।
অন্যদিকে, তুরবাত জেলার জৌসাক এলাকায় জঙ্গিদের অবস্থানের বিষয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়ার পর অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত হন।
কর্মকর্তারা জানান, পালিয়ে যাওয়া বাকি জঙ্গিদের ধরতে ওই এলাকায় ‘অপারেশন রাদ্দ-উল-ফিতনা ৩’-এর আওতায় স্যানিটাইজেশন ও চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।
