
|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরে রাজস্ব উন্নয়ন তহবিলের অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী, কৃষকদের মাঝে স্প্রে মেশিন, বিভিন্ন প্রজাতির গাছের চারা ও জেলেদের মাঝে জাল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ জুন) বেলকুচি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক জনাব মোঃ আমিনুল ইসলাম।

বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আফরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব ইসরাত জাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডা. মোঃ নাজমুল হক, উপজেলা মৎস্য অফিসার জনাব মোঃ আল মাসুদ, উপজেলা শিক্ষা অফিসার জনাব নাহিদা ইসলাম এবং উপজেলা সমাজসেবা অফিসার জনাব দেবাশীষ কুমার ঘোষ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য জনাব মোঃ গোলাম আজম এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব মোঃ বনি আমিনসহ স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মোঃ আমিনুল ইসলাম বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাজস্ব উন্নয়ন তহবিলের এই সঠিক ব্যবহার স্থানীয় শিক্ষা, কৃষি ও মৎস্য খাতের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একই দিনে বিতরণী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মহোদয় বেলকুচি উপজেলা পরিষদ, বেলকুচি উপজেলা ভূমি অফিস, বেলকুচি পৌরসভা ও উপজেলার বিভিন্ন চলমান উন্নয়নমূলক প্রকল্পসমূহ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সরকারি সেবা কার্যক্রমে গতিশীলতা আনা এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
