
|| স্পোর্টস ডেস্ক||
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় ডারউইনের মারারা স্টেডিয়ামে শুরু হতে যাওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টকে সামনে রেখে শক্তিশালী একাদশ ঘোষণা করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
ঘোষিত একাদশে দীর্ঘ দিন পর আবারও একসঙ্গে মাঠে নামছেন অজিদের বিখ্যাত ‘বিগ থ্রি’ পেস আক্রমণ—অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড। এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ অফ স্পিনার নাথান লায়ন। হ্যাজলউড ফেরায় সবশেষ অ্যাশেজে দারুণ ফর্মে থাকা স্কট বোল্যান্ডকে থাকতে হচ্ছে একাদশের বাইরে।
স্বাগতিকদের শক্তিশালী ব্যাটিং অর্ডারে ট্রাভিস হেড, মারনাস লাবুশেন ও স্টিভ স্মিথের পাশাপাশি রয়েছেন ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি ও অলরাউন্ডার বো ওয়েবস্টার।
সিরিজ শুরুর আগের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস ব্যবধানে হেরে ব্যাকফুটে রয়েছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। তবে সেই পরাজয় পেছনে ফেলে মূল টেস্টে ভালো করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে সফরকারীরা।
অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের একাদশ: জেক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজলউড।
