বুধবার, জুন ৩

বর্ষার মৌসুমে বদলগাছির তরুণ উদ্যোক্তা রবিউলের তরমুজ চাষে সফলতা

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||

নওগাঁর বদলগাছী উপজেলায় অসময়ে তরমুজ চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন এক তরুণ উদ্যোক্তা। প্রথাগত চাষাবাদের বাইরে গিয়ে আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহারে তার এই সাফল্য স্থানীয় চাষিদের মাঝে নতুন আশার আলো দেখাচ্ছে।

জানা গেছে, তরুণ উদ্যোক্তা মোঃ রবিউল ইসলাম উপজেলার মথুরাপুর ইউনিয়নে মামুদপুর মৌজায় মোট ৬৬ শতাংশ জমিতে সম্পূর্ণ ভিন্নধর্মী এই চাষাবাদ শুরু করেন। তিনি একসঙ্গে তিন জাতের তরমুজের পাশাপাশি জমি ও সময়ের সঠিক ব্যবহারে সাথী ফসল হিসেবে শসার চাষও করেছেন।

তরুণ কৃষক মোঃ রবিউল ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, “যদি আবহাওয়া অনুকূলে থাকে এবং বাজারে সঠিক মূল্য পাওয়া যায়, তবে সব খরচ একপাশে রেখেও দেড় থেকে দুই লক্ষ টাকা লাভ করা সম্ভব।” অসময়ে বাজারে তরমুজের চাহিদা বেশি থাকায় ভালো দাম পাওয়ার ব্যাপারে তিনি বেশ আত্মবিশ্বাসী।

ব্যক্তিগত উদ্যোগে এই বিশাল সাফল্য পেলেও কিছুটা আক্ষেপ রয়েছে এই তরুণ উদ্যোক্তার কণ্ঠে। তিনি বলেন, চাষাবাদের পুরো প্রক্রিয়াটি নিজের চেষ্টায় করতে হয়েছে। স্থানীয় কৃষি অফিস থেকে যদি সঠিক সময়ে কারিগরি সাহায্য ও প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যেত, তবে উৎপাদন আরও ভালো হতো এবং লাভের পরিমাণ আরও অনেক বাড়ত।

অসময়ে তরমুজ ও সাথী ফসল হিসেবে শসা চাষের এই অভিনব উদ্যোগ বদলগাছী এলাকার অন্যান্য যুবকদেরও উদ্বুদ্ধ করছে। স্থানীয়রা মনে করছেন, যুবকদের মাঝে এমন বাণিজ্যিক ও আধুনিক কৃষি প্রসারে সরকারি তদারকি ও পৃষ্ঠপোষকতা বৃদ্ধি করা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *