মঙ্গলবার, মে ১২

বরেণ্য সাংবাদিক আইয়ুব হোসেনের ২০তম মৃত্যুবার্ষিকী কাল

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

দৈনিক ইত্তেফাকের সাবেক সিনিয়র রিপোর্টার ও খুলনার প্রথিতযশা সাংবাদিক আইয়ুব হোসেন–এর ২০তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার (১৩ মে)। দিনটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ‘সাংবাদিক আইয়ুব হোসেন স্মৃতি পরিষদ’।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার বেলা ১২টায় খুলনা প্রেসক্লাব–এর হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এ স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আইয়ুব হোসেন দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সারে ভোগার পর ২০০৬ সালের ১৩ মে মৃত্যুবরণ করেন। সাংবাদিকতা জীবনে তিনি খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি ও খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স-এর খুলনা প্রতিনিধি হিসেবেও দায়িত্বে ছিলেন।

মুক্তিযুদ্ধের সময় সাংবাদিক দীপক রায় চৌধুরীর সঙ্গে যৌথ সম্পাদনায় তিনি সাপ্তাহিক ‘বাংলার ডাক’ প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলেন। ‘রণাঙ্গণ থেকে আইয়ুব হোসেন’ শিরোনামে তার প্রতিবেদন সে সময় মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাট থেকে পত্রিকাটির কার্যক্রম পরিচালিত হতো।

তার পরিবারও মুক্তিযুদ্ধের সময় চরম নির্যাতনের শিকার হয়। পরিবারের একাধিক সদস্য মুক্তিযুদ্ধে অংশ নেন এবং রাজাকার বাহিনীর নির্যাতনের মুখোমুখি হন। তবে জীবদ্দশায় আইয়ুব হোসেন কখনো নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রচার করেননি।

সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। খুলনার সাংবাদিক অঙ্গনে তিনি একজন সৎ, সাহসী ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *