মঙ্গলবার, মে ১৯

বদলগাছীতে শিক্ষা সুরক্ষা প্রকল্পের কিশোরী ক্লাব গঠন ও মতবিনিময় সভা

|| রবিউল আউয়াল | বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ||

নওগাঁর বদলগাছী উপজেলায় গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ১৭ সদস্যবিশিষ্ট কিশোরী ক্লাব গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডাপুর সাবিত্রি উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা বিডিও এবং গণসাক্ষরতা অভিযান যৌথভাবে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে।

ভান্ডাপুর সাবিত্রি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাইনুন্নাহারের সভাপতিত্বে আয়োজিত সভায় কিশোরী ক্লাব গঠনের প্রয়োজনীয়তা, উদ্দেশ্য, লক্ষ্য এবং ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন বিডিও’র জেলা সমন্বয়কারী শামসুল হক এবং ম্যানেজার আসুফুদ্দোলা।

মতবিনিময় সভায় বক্তারা বিদ্যালয়ের কিশোরীদের অংশগ্রহণমূলক শিক্ষা কার্যক্রম জোরদারকরণ, সৃজনশীলতার বিকাশ, নেতৃত্বের গুণাবলী তৈরি এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কিশোরী ক্লাবের ভূমিকা গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

তারা বলেন, কিশোরী ক্লাবের মাধ্যমে গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলের কিশোরীদের বয়োসন্ধিকালীন স্বাস্থ্য বিষয়ক সঠিক জ্ঞান অর্জন, নিজস্ব দায়িত্ববোধ, সামাজিক মূল্যবোধ ও নেতৃত্বগুণ গড়ে তোলা সম্ভব। এই ধরনের পদক্ষেপ দীর্ঘমেয়াদে প্রচলিত শিক্ষা ব্যবস্থার মানকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা গ্রামীণ এলাকায় কিশোরী ক্লাব কার্যক্রমকে আরও কার্যকর ও ফলপ্রসূভাবে বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ের বিভিন্ন বাস্তবসম্মত দিকনির্দেশনা ও পরামর্শ তুলে ধরেন।

উন্মুক্ত মতবিনিময় ও দীর্ঘ আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে ভান্ডাপুর সাবিত্রি উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মায়শা মায়াকে সভাপতি এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী কুমারী তমা রানীকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী ‘কিশোরী ক্লাব’ গঠন করা হয়। এ ধরনের মহতী উদ্যোগের মাধ্যমে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় ছাত্রীদের শিক্ষার মানোন্নয়ন, সুন্দর পরিবেশ নিশ্চিতকরণ এবং কিশোরীদের সমাজ বিনির্মাণে সক্রিয় অংশগ্রহণ আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকার বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *