
|| রবিউল আউয়াল | বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ||
সারা দেশের ন্যায় নওগাঁর বদলগাছীতে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী শুরু হওয়া তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১১টায় বদলগাছী উপজেলা ভূমি অফিস চত্বরে এই সভার আয়োজন করা হয়।
অনুস্থানের শুরুতে ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানের এই বিশেষ ভিডিও সম্প্রচারটি বদলগাছী উপজেলা ভূমি অফিসে উপস্থিত অতিথি ও সাধারণ অংশগ্রহণকারীদের মাঝে বড় পর্দায় প্রদর্শন করা হয়।
উদ্বোধনী ভিডিও সম্প্রচার শেষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ পলাশ উদ্দীনের সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন চৌধুরী, বদলগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রবিউল ইসলাম এবং বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ ফেরদৌস হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে বদলগাছী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্র-ছাত্রী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় আমন্ত্রিত বক্তারা ভূমিসেবায় ডিজিটাল রূপান্তর, অনলাইনের মাধ্যমে ঘরে বসেই বিভিন্ন ভূমি সেবা গ্রহণের সুবিধা এবং সাধারণ জনগণের দোরগোড়ায় অত্যন্ত দ্রুত, নির্ভুল ও স্বচ্ছতার সাথে আধুনিক ভূমি সেবা পৌঁছে দেওয়ার নানা গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিস্তারিতভাবে সাধারণ মানুষের সামনে তুলে ধরেন।
