
|| নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||
নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নে কোনো প্রকার প্রশাসনিক অনুমতি ছাড়াই রাস্তার পাশের মূল্যবান গাছ কেটে ফেলার দুটি পৃথক ঘটনা ঘটেছে। স্থানীয় রাজনৈতিক প্রভাব ও নিয়মনীতির তোয়াক্কা না করে গাছগুলো কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিলাশবাড়ী ইউনিয়নের ভগবানপুর গ্রামে ক্ষমতার প্রভাব খাটিয়ে রাস্তার পাশের একটি বড় মেহগনি গাছ কেটে ফেলা হয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় যুবদল নেতা ইনসান হোসেনের ইশারায় সুমন হোসেন নামের এক ব্যক্তি তাঁর বাড়ির সামনের রাস্তার পাশে থাকা ওই মেহগনি গাছটি কেটে ফেলেন। রাজনৈতিক প্রভাবের কারণে স্থানীয় কেউ এতে বাধা দেওয়ার সাহস পাননি।
এদিকে একই ইউনিয়নের পারসোমবাড়ী বাজারের উত্তর দিকে রাস্তার পাশে থাকা আরও একটি মূল্যবান গাছ কেটে ফেলা হয়েছে। স্থানীয়রা জানান, কাবিল নামের এক ব্যক্তি সম্পূর্ণ বেআইনিভাবে সরকারি বা সামাজিক বনায়নের আওতাভুক্ত এই গাছটি কেটে ফেলেন।
পৃথক এই দুটি ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বলেন, “রাস্তার ধারের গাছ পরিবেশের ভারসাম্য যেমন রক্ষা করে, তেমনি এগুলো সরকারি সম্পত্তি। এভাবে ক্ষমতার দাপট দেখিয়ে গাছ কেটে নিয়ে যাওয়া সম্পূর্ণ অপরাধ। আমরা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।”
এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা ইনসান হোসেন গাছ কাটার নির্দেশ দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তবে অবৈধভাবে গাছ কাটার ঘটনা দুটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় এই অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।
