
|| কাইয়ুম হোসেন | ঠাকুরগাঁও প্রতিনিধি ||
বিএনপি দেশে ন্যায়বিচার, আইনের শাসন ও সামাজিক ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (২ আগস্ট) দুপুর ২টায় ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, “বাংলাদেশে এক দীর্ঘ সংগ্রামের পর ফ্যাসিস্ট শাসনব্যবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। এর মধ্য দিয়ে নতুন এক সম্ভাবনার সৃষ্টি হয়েছে, আর তা হলো গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করা।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র চর্চা অব্যাহত থাকলে রাষ্ট্রের অন্যান্য কাজগুলোও সহজ হয়ে যায়। বিচারাঙ্গনকে যদি সত্যিকার অর্থে প্রভাবমুক্ত রাখা যায়, তবে সাধারণ নাগরিকরা তার সুফল পাবে। একইভাবে দক্ষ প্রশাসন ও কার্যকর সংসদীয় কমিটির মাধ্যমে গণতন্ত্রকে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব।”
আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ইউসূফ আলী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শেখ ফরিদ, জেলা বিএনপির সভাপতি পয়গাম আলী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সারোয়ার ও অ্যাডভোকেট আব্দুল হালিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে ঠাকুরগাঁও ডায়াবেটিক হাসপাতালে নেপালের সহযোগিতায় ৫ দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্বোধনী দিনে ৬০০ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ সময় তিনি উল্লেখ করেন, দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার নিরলস কাজ করে যাচ্ছে এবং ইতোমধ্যে হাসপাতালগুলোতে শয্যাসংখ্যা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
