
|| আন্তর্জাতিক ডেস্ক ||
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাথমিক ফলাফলে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র ফুটে উঠেছে। আনন্দবাজার পত্রিকার সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক ট্রেন্ড বা প্রবণতায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমানে সমানে লড়ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মোট আসনের মধ্যে তৃণমূল এগিয়ে রয়েছে ১২৮টি আসনে এবং বিজেপি ১২৫টি আসনে এগিয়ে রয়েছে। এছাড়া কংগ্রেস ২টিতে, সিপিএম ১টিতে এবং অন্যান্যরা ১টি আসনে এগিয়ে আছে।
পশ্চিমবঙ্গের ২৯৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ ম্যাজিক ফিগার হলো ১৪৮টি আসন। এর আগে গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ২৯৪টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনী অনিয়মের অভিযোগে কমিশন একটি আসনের ভোট বাতিল করায় আজ মোট ২৯৩টি আসনে ভোট গণনা চলছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ২১৫টি আসনে বিশাল জয় পেয়েছিল। অন্যদিকে প্রধান বিরোধী দল বিজেপি পেয়েছিল ৭৭টি আসন এবং বাকি দুটি আসন অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল। তবে এবারের নির্বাচনে শুরু থেকেই তৃণমূল ও বিজেপির মধ্যে আসন সংখ্যার ব্যবধান খুব কম থাকায় চূড়ান্ত ফলাফলের দিকেই এখন সবার নজর।
