
|| মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||
দলিল লেখকদের পেশাগত সুরক্ষাসহ ৭ দফা দাবি আদায় ও বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীতে জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী জেলা পুরান সাব-রেজিস্ট্রার অফিস চত্বরে বাংলাদেশ দলিল লেখক সমিতি পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে জেলার ৭টি উপজেলা থেকে আগত দলিল লেখকরা অংশ নেন।
সমাবেশে বক্তারা দলিল লেখকদের অধিকার রক্ষায় ৭ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে লেখকদের পেশাচ্যুত না করা, দলিল প্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা নির্ধারণ, লাইসেন্সপ্রাপ্ত লেখক ব্যতীত অন্য কারো মাধ্যমে দলিল মুসাবিদা ও দাখিল বন্ধে প্রজ্ঞাপন জারি, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞদের লাইসেন্স না দেওয়া, সরকারি খরচে কার্যালয়ে বসার ও নামাজের স্থান নির্মাণ, কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখায় লেখকদের আসামি না করা এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি প্রদান।
বাংলাদেশ দলিল লেখক সমিতি পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলাম আকনের সভাপতিত্বে এবং মোঃ মতিউর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তারা অধিকার আদায়ে সারা দেশের দলিল লেখকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সমাবেশে কবিতা আবৃত্তি ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
