
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তে অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় নেশাজাতীয় ওষুধ ‘ইস্কাফ’সহ মোঃ মজনু মিয়া মজু (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল ৭ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে উপজেলার সীমান্তবর্তী রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা দিঘীরপার সাহাটারী এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মজনু মিয়া ওই এলাকার মৃত আনছার আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশের একটি বিশেষ দল রামখানা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মজনু মিয়ার বাড়িতে অভিযান চালায়। পরে বসতঘরে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪০ বোতল ইস্কাফ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই মজনু মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান জানান, সীমান্তসংলগ্ন এলাকা হওয়ায় নাগেশ্বরী থানা এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ নজরদারি বজায় রাখা হয়েছে। গোপন খবরের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
ওসি আরও বলেন, মাদকের বিরুদ্ধে নাগেশ্বরী থানা পুলিশ কঠোর অবস্থান ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজকে মাদকমুক্ত করতে স্থানীয় জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
