Wednesday, September 16

নাগেশ্বরীতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর দ্বিতীয় দিনের খেলা ও ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার ডি এম একাডেমি ফুটবল মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিনের খেলায় ছেলেদের বিভাগে চারটি এবং মেয়েদের বিভাগে দুটি দল অংশ নেয়। ছেলেদের বিভাগে সেমিফাইনালে রামখানা ইউনিয়ন, সন্তোষপুর ইউনিয়ন, রায়গঞ্জ ইউনিয়ন ও নাগেশ্বরী পৌর কাবাডি দল প্রতিদ্বন্দ্বিতা করে। সেমিফাইনালের পর ফাইনালে মুখোমুখি হয় নাগেশ্বরী পৌর কাবাডি দল ও সন্তোষপুর ইউনিয়ন কাবাডি দল। ফাইনালে নাগেশ্বরী পৌর দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সন্তোষপুর ইউনিয়ন কাবাডি দল।

অন্যদিকে, মেয়েদের বিভাগে ফাইনালে মুখোমুখি হয় নাগেশ্বরী স্পোর্টস টিম ও নাগেশ্বরী নিউ প্রতিশ্রুতি স্কুল দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নাগেশ্বরী নিউ প্রতিশ্রুতি স্কুল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নাগেশ্বরী স্পোর্টস টিম।

খেলা শেষে ছেলেদের বিভাগে সন্তোষপুর ইউনিয়ন কাবাডি দলের খেলোয়াড় রাসেল রানাকে শ্রেষ্ঠ খেলোয়াড় (কিশোর) এবং মেয়েদের বিভাগে নাগেশ্বরী স্পোর্টস একাডেমির স্মৃতি খাতুনকে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত করা হয়।

খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক প্রধান, উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন আপেল, উপজেলা বিএনপির সদস্য ও নেওয়াশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমীন সিদ্দিকী, উপজেলা বিএনপির সদস্য ও নেওয়াশী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মো. জাহিদুল ইসলাম খানসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবরা।

কমিউনিটি পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ কাবাডি প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা উপভোগ করতে মাঠে দর্শকদেরও উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

খেলায় ধারাভাষ্য দেন নাগেশ্বরী থানার এসআই অপুর্ব কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *