
|| কুড়িগ্রাম প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বাঁধে বিভিন্ন প্রজাতির প্রায় ৭ হাজার গাছের চারা রোপণ করা হবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার নুনখাওয়া ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বাঁধে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
জলবায়ু পরিষদ নাগেশ্বরী ও জলবায়ু পরিষদ কুড়িগ্রাম জেলার উদ্যোগে এবং ইএসডিও কুড়িগ্রামের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচি বাস্তবায়নে জেলা পানি উন্নয়ন বোর্ড ও নুনখাওয়া ইউনিয়ন পরিষদ তত্ত্বাবধান করছে।
আয়োজকরা জানান, কর্মসূচির আওতায় ওয়াপদা বাঁধের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির প্রায় ৭ হাজার গাছের চারা রোপণ করা হবে। এর মাধ্যমে বাঁধের সৌন্দর্যবর্ধনের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জলবায়ু পরিষদের সহসভাপতি নুরনবী সরকার, নাগেশ্বরী উপজেলা জলবায়ু পরিষদের সভাপতি ওমর ফারুক, নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমান, নুনখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, নুনখাওয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত, সদস্য সচিব আ. আলীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু চারা রোপণ নয়, রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
