Friday, October 16

নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন, নেপথ্যে মাদক

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী প্রতিনিধি ||

নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা অলিউর রহমান ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক (২৮) মালয়েশিয়া প্রবাসী ছিলেন। সেখানে মাদক সেবনের কারণে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয় বলে স্থানীয়রা জানান। দেশে ফিরে আবারও মাদকের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মাকে মারধর করতেন বলে অভিযোগ রয়েছে।

বুধবার রাতে মাদকের টাকার জন্য বাড়িতে ভাঙচুর করেন তারেক। একপর্যায়ে বাবা অলিউর রহমান তার হাত-পা বেঁধে বাড়ির পেছনের একটি গোয়ালঘরে নিয়ে যান। সেখানে মারধরের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তারেকের মৃত্যু হয় বলে জানা গেছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত অলিউর রহমান পলাতক রয়েছেন বলে জানা গেছে। তবে এ ঘটনায় পরিবারের অন্য সদস্যদের সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশার জন্য এ ঘটনা ঘটে থাকতে পারে। নিহতের মাথার পেছনে ও ডান কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *