Thursday, September 10

নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-নগদ টাকা লুটের অভিযোগ

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||

নওগাঁর মহাদেবপুর উপজেলায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা প্রায় ৬ ভরি সোনা ও নগদ ৭ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুলালপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত অলিফ চন্দ্র দত্ত ওই গ্রামের মৃত সুনিল চন্দ্র দত্তের ছেলে। তিনি মহাদেবপুর বাজারে ‘দত্ত জুয়েলার্স’ নামে একটি স্বর্ণের দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতোই সোমবার রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন অলিফ চন্দ্র। রাত সাড়ে ৮টার দিকে বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়। গুরুতর আহত হয়ে তিনি মাটিতে পড়ে গেলে হামলাকারীরা তার কাছে থাকা সোনা ও নগদ টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ঘটনার পর থেকেই পুলিশ তদন্তে নেমেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এটি ছিনতাইয়ের উদ্দেশ্যে সংঘটিত হত্যাকাণ্ড, নাকি পূর্বশত্রুতার জেরে ঘটনা ঘটেছে—সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *