
|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||
নওগাঁ সদরে ‘সিয়াম ফল ভান্ডার’-এর মালিকের ওপর অতর্কিত হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত করে ক্যাশ বাক্সে থাকা সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পৌর শহরের উক্ত ব্যবসা প্রতিষ্ঠানেই এই হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত ফল ব্যবসায়ী মোঃ জুয়েল সরকার (২৯) নওগাঁ সদরের চকপ্রাচী এলাকার মোঃ মন্টু সরকারের ছেলে। তিনি বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার সময় ট্রাক চালক মোঃ মনির হোসেন (২৫) ও নওগাঁ জনকল্যাণ এলাকার মোঃ বেলাল হোসেনের ছেলে নাহিদ হোসেন (৩০)-সহ অজ্ঞাতনামা ৪ জন সিয়াম ফল ভান্ডারে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে অভিযুক্ত মনির হোসেন হেলমেট দিয়ে জুয়েল সরকারের মাথায় সজোরে আঘাত করে। পরবর্তীতে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারলে হাত দিয়ে ঠেকানোর চেষ্টায় তাঁর বাম হাত মারাত্মক জখম হয়। এ সময় অন্যান্য সহযোগীরাও তাঁকে এলোপাথাড়ি মারধর করে।
প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির একপর্যায়ে অভিযুক্ত মনির হোসেন ক্যাশ বাক্সে থাকা ৫ লাখ ৪৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় ব্যবসায়ী মাহাবুব আলম ও সোহেল সরকারের সহায়তায় আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ভুক্তভোগী ব্যবসায়ী নওগাঁ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ঘটনার বিবরণ সম্বলিত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারসহ ছিনতাই হওয়া অর্থ উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
