
|| ধর্ম ডেস্ক ||
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১৩৮টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৪২২ জন বাংলাদেশি হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৩ হাজার ১০৯ জন। আজ মঙ্গলবার (১৬ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
বুলেটিনের তথ্য অনুযায়ী, ১৬ জুন পর্যন্ত সৌদিতে হজ পালন করতে গিয়ে মোট ৫২ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে ৩৫ জন পুরুষ ও ১৭ জন নারী রয়েছেন। স্থানভেদে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন হাজি শেষনিশ্বাস ত্যাগ করেন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরব যান, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ছিলেন ৭৩ হাজার ৯৩৫ জন। গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার পর ৩০ মে থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়। এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৬৭টি ফ্লাইটে ২৪ হাজার ৪৯৯ জন, সৌদি এয়ারলাইনস ৫০টি ফ্লাইটে ১৯ হাজার ৮২৭ জন এবং ফ্লাইনাস ২১টি ফ্লাইটে ৮ হাজার ৩৮০ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। এ ছাড়া অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে এসেছেন ৪ হাজার ৭১৬ জন।
এদিকে সৌদি আরবে অবস্থানরত হাজিদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ৬৪ হাজার ৭৫১টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে সেবা পেয়েছেন আরও ২৭ হাজার ৯২০ জন হাজি। আগামী ৩০ জুন শেষ ফিরতি ফ্লাইটের মাধ্যমে সব হাজির দেশে প্রত্যাবর্তন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
