
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা তিন দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে এই ছুটি সমন্বয়ের লক্ষ্যে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সব সরকারি অফিস খোলা থাকবে।
বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) ছুটি থাকবে। এই ছুটি সমন্বয় করতেই আগামী ১৭ অক্টোবর (শনিবার) সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান খোলা রাখা হবে।
তবে জরুরি সেবাসমূহ এই ছুটির আওতামুক্ত থাকবে বলে প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে। বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংক্রান্ত যানবাহন ও কর্মীরা ছুটির বাইরে থাকবেন। এছাড়া হাসপাতাল, জরুরি চিকিৎসা সেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহনও সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবে।
আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট এবং ব্যাংকিং কার্যক্রম চালুর বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। অন্যদিকে বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান ও কল-কারখানার ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
