
|| আন্তর্জাতিক ডেস্ক ||
ইরানের সঙ্গে চলমান সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত কিংবা সম্পূর্ণ ধ্বংসের মুখে পড়েছে বলে জানিয়েছে কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস (সিআরএস)। সম্প্রতি প্রকাশিত তাদের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে জানানো হয়, ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হওয়া সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে অত্যন্ত ব্যয়বহুল যুদ্ধবিমান, বিশেষায়িত নজরদারি উড়োজাহাজ, সামরিক হেলিকপ্টার এবং উচ্চপ্রযুক্তির ড্রোন। তবে স্পর্শকাতর সামরিক তথ্য গোপন রাখা এবং চলমান অভিযানের কারণে এই ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিসংখ্যানে যেকোনো সময় পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে সিআরএস। এর মধ্যে কিছু উড়োজাহাজ জরুরি ভিত্তিতে মেরামত করে পুনরায় সক্রিয় করা হয়েছে।
এই সংঘাতে মার্কিন ড্রোন বহরে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে। সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত অন্তত ৪৫টি ‘এমকিউ-৯ রিপার’ ড্রোন হারিয়েছে। এছাড়া মার্কিন বিমানবাহিনীর অন্যতম মূল শক্তি ১২টি ‘এফ-১৫ই স্ট্রাইক ঈগল’ যুদ্ধবিমান সরাসরি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে গত মার্চ মাসে কুয়েতের আকাশে ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা নিজেদের বাহিনীর ভুলের বলি হয়ে তিনটি এবং এপ্রিলে ইরানের আকাশসীমায় প্রবেশের সময় একটি ভূপাতিত হয়। এছাড়া সেপ্টেম্বরে জর্ডানের মুওয়াকফ সালতি বিমানঘাঁটিতে ইরানি মিসাইল ও ড্রোন হামলায় আরও আটটি এফ-১৫ সামান্য ক্ষতিগ্রস্ত হলেও পরবর্তীতে সেগুলো মেরামত করে সার্ভিসে ফিরিয়ে আনা সম্ভব হয়।
ক্ষতির শিকার অন্যান্য আধুনিক বিমানের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের একটি ‘এফ-৩৫এ লাইটনিং টু’, দুটি ‘এ-১০ থান্ডারবোল্ট টু’, আকাশে জ্বালানি সরবরাহকারী সাতটি ‘কেসি-১৩৫’ ট্যাংকার এবং একটি ‘ই-৩ সেন্ট্রি’ অ্যাওয়াকস বিমান। জানা গেছে, গত ২৭ মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানি হামলায় ই-৩ সেন্ট্রি বিমানটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। পাশাপাশি বিশেষ অভিযানের দুটি ‘এমসি-১৩০জে’, একটি ‘এইচএইচ-৬০ডব্লিউ’ উদ্ধারকারী হেলিকপ্টার, একটি ‘এমকিউ-৪সি ট্রাইটন’ সামুদ্রিক নজরদারি যান এবং তিনটি ‘এমকিউ-১’ ড্রোনও এই সংঘাতের আগুনে ছাই হয়ে গেছে।
যুদ্ধের ময়দানে হেলিকপ্টার বহরের ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে হরমুজ প্রণালিতে টহলকালে ভূপাতিত একটি ‘এএইচ-৬৪ অ্যাপাচি’ অ্যাটাক হেলিকপ্টার, চরম বিপদের মুখে উদ্ধার অভিযানে ধ্বংস হওয়া চারটি ‘এএইচ-৬ লিটল বার্ড’ এবং আরব সাগরে যান্ত্রিক গোলযোগ ও বৈরী আবহাওয়ায় বিধ্বস্ত একটি ‘এমএইচ-৬০ সি হক’ হেলিকপ্টার।
সূত্র: আল আরাবিয়া
