
|| নিজস্ব প্রতিবেদক ||
“যেখানে বিশ্বের এআই বিল্ডাররা তৈরি করে আগামীর প্রযুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল এআই বিল্ডার্স কংগ্রেস ২০২৬’। ক্লাউডক্যাম্প বাংলাদেশের আয়োজনে এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সহযোগিতায় আগামী ২৬ ডিসেম্বর ঢাকার সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইউনিভার্সিটির সবুজ ক্যাম্পাসে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্পূর্ণ বিনামূল্যে ও সবার জন্য উন্মুক্ত এই ইভেন্টের রেজিস্ট্রেশন ইতোমধ্যে শুরু হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের গ্রীন গার্ডেনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ক্লাউডক্যাম্প বাংলাদেশের সভাপতি মোহাম্মদ মাহাদী উজ্জামান ও ড্যাফোডিল ইউনিভার্সিটির রেজিস্টার ড. নাদির বিন আলী। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ ফখরে হোসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত জুলাই মাসে শুরু হওয়া ৬ মাসব্যাপী এই বিশেষ উদ্যোগটি আগামী ২৬ ডিসেম্বর একদিনের গ্লোবাল শোকেসের মাধ্যমে সমাপ্ত হবে। ১১টি গ্লোবাল ডোমেইন ও ৫৫টি চ্যালেঞ্জ ট্র্যাকে বাস্তব সমস্যার সমাধানে কাজ করতে প্রায় ৫,০০০ এআই বিল্ডার এই প্ল্যাটফর্মে অংশ নিচ্ছেন।
প্রতিযোগিতাটি প্রধানত দুটি বিভাগে বিভক্ত—প্রথমটি ৩ থেকে ৫ সদস্যের ‘টিম-বিল্ট প্রোডাক্ট কম্পিটিশন’, যেখানে ৬ মাস ধরে প্রোডাকশন-রেডি এআই প্রোডাক্ট তৈরি করতে হবে। দ্বিতীয়টি ‘এআই-নেটিভ সিঙ্গেল প্রম্পট অ্যাপ্লিকেশন বিল্ডিং ও লঞ্চ’, যেখানে নির্বাচিত ৫০০ জন প্রতিযোগী ইভেন্টের দিন মাত্র একটি মাস্টার প্রম্পট ব্যবহার করে সরাসরি লাইভ ১ ঘণ্টার মধ্যে এন্টারপ্রাইজ-গ্রেড অ্যাপ্লিকেশন তৈরি করবেন।
বিজয়ীদের জন্য থাকছে প্রায় ১০ লাখ টাকার নগদ পুরস্কার, ট্রফি, সনদপত্র, এক্সক্লুসিভ পার্টনার বেনিফিট ও গ্লোবাল শোকেসের সুযোগ। এছাড়া অংশগ্রহণকারীদের জন্য সারা বছরব্যাপী ‘অপরচুনিটি কানেক্ট’ প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়োগকারী, বিনিয়োগকারী ও উচ্চশিক্ষা পরামর্শদাতাদের সাথে সরাসরি মিটিংয়ের সুযোগ থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির বলেন, “এটি কেবল একটি প্রতিযোগিতা নয়, দেশের তরুণদের বিশ্বমানের একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মে যুক্ত করার সুযোগ। আমরা বিশ্বাস করি এই উদ্যোগ বাংলাদেশের শিক্ষা ও প্রযুক্তি খাতে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে।” ক্লাউডক্যাম্প বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ মাহাদী-উজ-জামান জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য বাংলাদেশ যেন শুধু প্রযুক্তির ব্যবহারকারী না হয়ে বিশ্বমানের এআই প্রযুক্তি তৈরির একটি নির্ভরযোগ্য কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সহযোগী ডিন অধ্যাপক ড. ফারনাজ নারীন নূর, সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. শেখ রাশেদ হায়দার নূরী, সিআইএস বিভাগের প্রধান সারওয়ার হোসেন মোল্লা, স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. এবিএম কামাল পাশা, ক্লাউডক্যাম্প বাংলাদেশের পরিচালক আরিফুল হাসান অপু ও সাধারণ সম্পাদক শহীদ হোসেন।
আয়োজনটির প্লাটিনাম পার্টনার হিসেবে রয়েছে আনোয়ার গ্রুপ, সিলভার পার্টনার রোবাস্ট, ক্রিয়েটিভ পার্টনার সিনবর্ন, এবং টেকনোলজি পার্টনার হিসেবে রয়েছে এডব্লিউএস, লাভেবল, ক্যারিয়ার ক্যানভাস ও অ্যাস্ট্রোনাস টেক।
বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন: cloudcampbd.com/ai-builders-congress
ক্লাউডক্যাম্প বাংলাদেশ সেক্রেটারিয়েট ইমেইল: Secretariat@cloudcampbd.com
