
|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||
তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি এবং চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলা ও মহানগর শাখা।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশাল জেল গেট এলাকা থেকে এনসিপি বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক আসিফ আলীর নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী মশাল নিয়ে মিছিল শুরু করেন। পরে তারা নগরীর টাউন হল চত্বরে অপেক্ষমাণ জেলা ও মহানগরের অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে একত্রিত হন। সেখান থেকে সম্মিলিতভাবে একটি বিক্ষোভ মশাল মিছিল বের করা হয়।
মিছিলে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি বন্ধ, জনদুর্ভোগ কমানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
মিছিলে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলার আহ্বায়ক আবু সাইদ মুসা, সদস্য সচিব আবু সাইদ ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক আসিফ আলী, মহানগরের আহ্বায়ক মিজানুর রহমান খানসহ জেলা ও মহানগর এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সেবার মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এসব বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং প্রতিবাদ কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয়।
