
|| মির্জা নাদিম | গাজীপুর প্রতিনিধি ||
“যুক্তির আলোয় খোলুক চিন্তার দুয়ার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) জুনিয়র ও সিনিয়র—দুই গ্রুপে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের যুক্তি ও বিশ্লেষণী দক্ষতার প্রাণবন্ত উপস্থাপন দেখা যায়।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর এইচ এম আব্দুল্লাহ আল মামুনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তীতে চূড়ান্ত (ফাইনাল) পর্বে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল সভাপতিত্ব করেন।
জুনিয়র গ্রুপের ফাইনালে বিতর্কের বিষয় ছিল ‘পারিবারিক শিক্ষাই ইসলামী মূল্যবোধের মূল ভিত্তি’। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ বিতর্কে বিরোধী দল বিজয়ী হয়। অন্যদিকে সিনিয়র গ্রুপের ফাইনালে ‘পশ্চিমা সংস্কৃতি নৈতিক শিক্ষার জন্য ক্ষতিকর’ বিষয়ে বিতর্ক করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে বিরোধী দল।
বিতর্কে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন এশিয়ান ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের সভাপতি জহিরুল ইসলাম জুয়েল এবং উত্তরা ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম। স্পিকারের দায়িত্বে ছিলেন তানযীমুল উম্মাহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সেক্রেটারি জেনারেল তৌফিক আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ এবং থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত বাড়ৈ। এছাড়া মাজালিসুল ইলমের পরিচালক আবু নাঈম ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মুজিবুর রহমান ভূঁইয়াসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমাপনী পর্বে বিজয়ী ও বিজিত দলের বিতার্কিকদের হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। অতিথিরা তাঁদের বক্তব্যে প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মুক্তচিন্তা, যুক্তিবোধ ও শালীন বাকশৈলী চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটি বিতর্কের পাশাপাশি একাডেমিক ক্ষেত্রেও ধারাবাহিক সাফল্য বজায় রাখছে। চলতি ২০২৬ সালের মাদরাসা শিক্ষা বোর্ডের ফলাফলে শতভাগ পাসের পাশাপাশি ৫৮ শতাংশ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১ হাজার ৩২৭ নম্বর পেয়ে বোর্ডের শ্রেষ্ঠ শিক্ষার্থী হওয়ার গৌরব অর্জন করেন কাজী মোহাম্মদ আব্দুল্লাহ।
