সোমবার, জুন ২২

তাড়াইলে ২৭ মামলার এক আসামিসহ গ্রেফতার ৪

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||

কিশোরগঞ্জের তাড়াইলে পুলিশের এক বিশেষ অভিযানে ২৭ মামলার পলাতক আসামিসহ চারজন চিহ্নিত অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২০ জুন) রাত ১১টার দিকে উপজেলার ধলা ইউনিয়নের ভেইয়ারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের পুকুর পাড় থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছুরি, কিরিচসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, একদল চিহ্নিত অপরাধী পুকুর পাড়ে সংঘবদ্ধ হয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও মাদক পাচারের উদ্দেশ্যে বৈঠক করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। তাড়াইল থানার সাব-ইন্সপেক্টর এ.কে.এম. মোশাররফ হোসেন ও এএসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সেখানে আকস্মিক অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে রাসেল (২৫) ও রাজ্জাক (৪১) নামে দুই অপরাধী পালিয়ে গেলেও চারজনকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো— ভেইয়ারকোনা গ্রামের মৃত আ. রশিদের ছেলে ও ২৭ মামলার চিহ্নিত অপরাধী আল আমিন (৪২), দক্ষিণ ধলা গ্রামের আ. রাজ্জাকের ছেলে নাজু মিয়া (৪৬), ধলা গ্রামের আ. হাকিম মেম্বারের ছেলে পাপন হোসেন এবং ভেইয়ারকোনা গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে লুৎফর রহমান (৩৮)। পুলিশ জানায়, গ্রেফতারকৃত নাজু মিয়ার বিরুদ্ধে ৬টি এবং পাপন হোসেনের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।

সাব-ইন্সপেক্টর এ.কে.এম. মোশাররফ হোসেন জানান, গ্রেফতারকৃতরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক, জুয়া, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। তারা পুনরায় বড় কোনো অপরাধের পরিকল্পনা করার সময় গোপনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলটি কিশোরগঞ্জের তাড়াইল ও নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় অপরাধীরা সাধারণত অপরাধ করে সহজেই অন্য জেলায় আত্মগোপন করত। ফলে তাদের ধরা বেশ কঠিন ছিল। তবে পুলিশের সাহসী ও সুকৌশলী দল তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

ওসি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, তাড়াইল উপজেলায় কোনো অপরাধীর ঠাঁই হবে না। মাদক ব্যবসায়ী, চোর, ডাকাত ও জুয়াড়িদের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে তিনি সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *