
|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||
তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তিকে অনুপ্রাণিত করতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁওস্থ কার্যালয় প্রাঙ্গণে কলেজছাত্র রিজওয়ান রশীদের নিজ হাতে তৈরি একটি গো-কার্ট (ছোট রেসিং কার) পরিদর্শন করেন তিনি। শুধু পরিদর্শনই নয়, তরুণ এই উদ্ভাবকের মনোবল বাড়াতে প্রধানমন্ত্রী নিজেই গাড়িটি চালিয়ে দেখেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী বেশ কিছুক্ষণ গাড়িটি পর্যবেক্ষণ করেন এবং রিজওয়ানের এই সৃজনশীল প্রচেষ্টার প্রশংসা করেন। এ সময় উপস্থিত কর্মকর্তাদের সামনেই তিনি গো-কার্টটি চালিয়ে এর কার্যকারিতা পরীক্ষা করেন এবং তরুণ উদ্ভাবকদের পাশে থাকার আশ্বাস দেন।
উদ্ভাবক রিজওয়ান রশীদ জানান, এইচএসসি পরীক্ষার পরবর্তী সময়কে কাজে লাগিয়ে নিজের জমানো টাকায় তিনি এই রেসিং কারটি তৈরি করেছেন। সম্পূর্ণ দেশীয় যন্ত্রাংশ ব্যবহার করে মাত্র এক লাখ টাকা ব্যয়ে গাড়িটি নির্মাণ করতে তার সময় লেগেছে দুই থেকে তিন মাস। স্থানীয়ভাবে পরীক্ষিত এই গো-কার্টটি অত্যন্ত সাশ্রয়ী এবং নিরাপদ ডিজাইনে তৈরি করা হয়েছে। দেশের শীর্ষ নির্বাহীর কাছ থেকে এমন সরাসরি উৎসাহ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই তরুণ শিক্ষার্থী।
