Saturday, September 12

ঢাবিতে ‘বাংলার রুমি’ সৈয়দ আহমদুল হকের ১৫তম ওফাতবার্ষিকী উপলক্ষে সেমিনার

|| নিজস্ব প্রতিবেদক ||

উপমহাদেশের খ্যাতিমান আন্তঃধর্মীয় সম্প্রীতিসাধক, সুফি গবেষক ও ‘বাংলার রুমি’ শাহসুফি সৈয়দ আহমদুল হক (র.)-এর ১৫তম ওফাতবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস মিলনায়তনে ‘অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে বাংলার রুমি সৈয়দ আহমদুল হক-এর ভূমিকা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এবং আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং ঢাকাস্থ ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলর মাহদি মৌলায়ী অরাঁনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মো. মুমিত আল রশীদ।

অনুষ্ঠানের সূচনায় পবিত্র কুরআন তিলাওয়াত, নাতে রাসুল (সা.) পরিবেশন শেষে স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আহসানুল হাদী। পরে আল্লামা রুমির মসনভি থেকে পাঠ ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান।

পরবর্তী আলোচনা পর্বে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মিলটন কুমার দেব, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া, আল্লামা রুমি সোসাইটির সহ-সভাপতি সৈয়দ রেজাউল করিম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মুহাম্মদ আলকামা সিদ্দিকী এবং আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশের উপদেষ্টা ও বাংলার রুমির বড় সাহেবজাদা শাহসুফি সৈয়দ মাহমুদুল হক।

বক্তারা অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ‘বাংলার রুমি’ শাহসুফি সৈয়দ আহমদুল হকের জীবনাদর্শ, সুফি দর্শন ও সম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় তাঁর অবদানের ওপর আলোকপাত করেন। সেমিনারে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বহু বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *