
|| নিজস্ব প্রতিবেদক ||
কক্সবাজারের টেকনাফে আধুনিক প্রযুক্তিতে বাণিজ্যিকভাবে খাদ্য-নির্ভর কোরাল বা ভেটকি মাছ চাষ পদ্ধতি বিষয়ক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী গ্রামের এগ্রো-টেকনোলজিস অ্যান্ড ইনোভেশন লিমিটেড (এটিআইআই) মৎস্য খামারে এই কর্মশালার আয়োজন করা হয়।
বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশন (বিএসএফএফ) আয়োজিত এই কর্মসূচিতে কারিগরি ও আর্থিক সহযোগিতা প্রদান করে মৎস্য অধিদপ্তর এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)।
কর্মশালায় বক্তারা জানান, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কোরাল মাছ চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আধুনিক প্রযুক্তিতে তৈরি খাদ্য ব্যবহারের মাধ্যমে এই মাছ উৎপাদন অত্যন্ত লাভজনক। ইতিপূর্বে পাইলট প্রকল্পের মাধ্যমে টেকনাফের বিভিন্ন খামারে উৎসাহব্যঞ্জক ফলাফল পাওয়া গেছে। সেই সফলতাকে সারা দেশের উপকূলীয় মৎস্যচাষিদের মাঝে ছড়িয়ে দিতেই এই সচেতনতামূলক ও প্রযুক্তি হস্তান্তর বিষয়ক প্রশিক্ষণ সেশনের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে দক্ষ জনবল সৃষ্টি এবং কোরাল মাছের রপ্তানি বৃদ্ধি করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা জনাবা উম্মুল খায়ের বেগম তাজফিরা এবং মৎস্য অধিদপ্তরের সাবেক পরিচালক ও মৎস্য চাষ বিশেষজ্ঞ ড. মোঃ জিল্লুর রহমান। কর্মশালায় সভাপতিত্ব করেন বিএসএফএফ-এর নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম।
এছাড়া টেকনাফ উপজেলার বিভিন্ন স্তরের মৎস্যচাষি, হ্যাচারি মালিক, মৎস্য খাদ্য ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা উপকূলীয় এলাকায় আধুনিক এই মৎস্য চাষ পদ্ধতি জনপ্রিয় করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
