
|| আন্তর্জাতিক ডেস্ক ||
ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যে নতুন করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরানের সঙ্গে নতুন কোনো চুক্তিতে উপনীত না হওয়া পর্যন্ত দেশটির বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করা হবে না। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই কড়া বার্তা দেন।
প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, এক সপ্তাহ আগে শুরু হওয়া এই নৌ অবরোধ ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে। চলমান এই দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র ‘বড় ব্যবধানে’ জয়ী হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) তথ্যমতে, গত এক সপ্তাহে অন্তত ২৭টি জাহাজকে ইরানের বন্দরে ফিরে যেতে বাধ্য করেছে মার্কিন বাহিনী। এমনকি গত রবিবার অবরোধ ভেঙে এগোনোর চেষ্টাকালে একটি ইরানি পণ্যবাহী জাহাজও আটক করেছে তারা।
এদিকে বিশ্বব্যাপী জ্বালানি তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি করা হরমুজ প্রণালি নিয়ে অচলাবস্থা কাটছে না। প্রায় দুই মাস ধরে এই গুরুত্বপূর্ণ নৌপথটি অবরোধ করে রেখেছে ইরান। তেহরানের দাবি, তাদের ওপর থেকে মার্কিন নৌ অবরোধ না তোলা পর্যন্ত তারা হরমুজ প্রণালি খুলবে না। অন্যদিকে, ট্রাম্পের অভিযোগ, ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করে ওই এলাকায় চলাচলকারী জাহাজে গুলি চালাচ্ছে।
এমন চরম উত্তেজনার মধ্যেই পাকিস্তানে দুই দেশের মধ্যে দ্বিতীয় দফায় শান্তি আলোচনার কথা থাকলেও তা এখন অনিশ্চয়তার মুখে। বুধবার অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চললেও মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এখনো ওয়াশিংটন ছাড়েননি। অন্যদিকে ইরান জানিয়েছে, এই বৈঠকে যোগ দেওয়ার বিষয়ে তারা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে নতুন করে উদ্বেগের সৃষ্টি করছে।
