
|| নিজস্ব প্রতিবেদক ||
চীন সরকারের বিশেষ আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (১৯ এপ্রিল) রাত ১০টা ১০ মিনিটে চায়না এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপি মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। এই সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহকারী একান্ত সচিব ইউনুস আলী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী এই রাষ্ট্রীয় সফরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। চীন সফরকালে তিনি দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।
