
|| নিজস্ব প্রতিবেদক ||
দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আগামীকাল সোমবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া সিটি করপোরেশন। প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা সাড়ে ১১টায় পৌর ভবনে নবগঠিত এই সিটি করপোরেশনের ফলক উন্মোচন করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার নিজ জেলায় প্রথম সফর।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সোমবার সকাল ৬টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন। সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউজে পৌঁছানোর পর তিনি জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন ও ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপরই বহুল প্রতীক্ষিত বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করবেন তিনি।
এ বিষয়ে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানান, প্রধানমন্ত্রীর এই সফরে সিটি করপোরেশন ঘোষণা ছাড়াও ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল খননসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী বলেন, আয়তন ও জনসংখ্যার দিক থেকে দেশের অন্যতম বড় এই পৌরসভাটি সিটি করপোরেশনে রূপান্তর হওয়া দীর্ঘদিনের যৌক্তিক দাবি ছিল। এর ফলে গত ১৭ বছরের উন্নয়ন বৈষম্য ঘুচিয়ে বগুড়া একটি পরিকল্পিত ও নান্দনিক শহরে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দুপুরে প্রধানমন্ত্রী গাবতলীর বাগবাড়ীতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন এবং শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বাগবাড়ী নশিপুর এলাকায় চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন তিনি।
বিকেল ৪টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন ও বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধনও করার কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো বগুড়া জুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।
