Thursday, October 15

চিলমারীতে বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের চিলমারীতে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তদের সবাই ঢাকা, গাজীপুর, টঙ্গী ও উত্তরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বসবাস করতেন এবং ডেঙ্গুর উপসর্গ নিয়ে চিলমারীতে এসে হাসপাতালে ভর্তি হয়েছেন।

৫০ শয্যা বিশিষ্ট চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে পুরুষ ও নারী মিলে মোট ৮৩ জন রোগী ভর্তি আছেন, যার মধ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৭। সরজমিনে জানা যায়, আক্রান্তদের মধ্যে থানা হাট ইউনিয়নের শান্তিনগর এলাকার বাসিন্দা এবং গাজীপুরের কোনাবাড়ির কটন ক্লাব গার্মেন্টসের কর্মী দুই বোন নিশা (২০) ও নিভা (৩০), সাদুল্যা এলাকার ঢাকা ফেরত রাজমিস্ত্রি মিজানুর রহমান (৩০) এবং চিলমারী চামচপাড়ার বাসিন্দা খিলক্ষেতের অটোরিকশা চালক আতিকসহ (২০) আরও তিনজন রয়েছেন।

বর্তমানে দেশে ডেঙ্গু প্রাদুর্ভাব একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দেওয়ায় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ডেঙ্গু মোকাবিলায় নানা নির্দেশনা ও পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নিয়েছে। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পানি নিষ্কাশনের ড্রেনে কালো ও নোংরা পানি জমে থাকা সহ সিঁড়ি ও মেঝেতে যত্রতত্র প্লাস্টিকের বোতল ও ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখা গেছে।

চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রায়হান জানান, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। তিনি বসতবাড়ির আশপাশ, ফুলের টব, ডাবের খোসা ও পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার তাগিদ দেন। একই সঙ্গে দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার এবং জ্বর বা শরীর ব্যথা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ না খেয়ে দ্রুত হাসপাতালে যোগাযোগের পরামর্শ দেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম জানান, ডেঙ্গু মোকাবিলা ও রোগীদের সঠিক চিকিৎসার জন্য হাসপাতালে পর্যাপ্ত প্রস্তুতি ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *