Sunday, September 13

চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের চিলমারীতে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি মায়েরা ও স্থানীয় অভিভাবকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। স্বাগত বক্তব্য দেন থানাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তৈয়ব আলী। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উলিপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. যুবায়ের আল মুকুল।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার, উপজেলা জামায়াতের আমির মো. নুর আলম মুকুল, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হানিফা, যুগ্ম আহ্বায়ক সাদাকাত হোসেন এবং বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. জিয়াউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “লেখাপড়া ও সাধারণ জ্ঞানের পাশাপাশি ধর্মীয় শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। সকল প্রকার নেশা থেকে দূরে থেকে বইয়ের সাথে ভালো সম্পর্ক গড়তে হবে।” বাল্যব বিবাহ ও অপুষ্টির কুফল তুলে ধরে তিনি অভিভাবক ও শিক্ষকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। এ ছাড়া কোচিং বাণিজ্য বন্ধ এবং ১২ বছরের ছেলে-মেয়েদের বিশেষ যত্নে রাখার ওপর জোর দেন তিনি।

প্রধান আলোচক প্রফেসর মো. যুবায়ের আল মুকুল বলেন, “আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দেব।”

আলোচনা শেষে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *