
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি, (খুলনা) ||
খুলনা নগরীতে দুর্বৃত্তদের গুলিতে মো. ইসমাইল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে নগরীর দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল ওই এলাকার শাজাহানের ছেলে।
স্থানীয়দের ভাষ্য ও পুলিশের প্রাথমিক তথ্যমতে, রাতের দিকে ইসমাইল এলাকায় অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তার মাথায় বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত এবং ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে খুলনা থানা পুলিশ।
