Saturday, August 1

অপপ্রচারের প্রতিবাদে বদলগাছীতে যুবদল নেতার সংবাদ সম্মেলন

|| মোঃ সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||

নওগাঁর বদলগাছীতে ফেসবুকের ভুয়া আইডি (ফেক পেজ/আইডি) থেকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদলের নেতারা।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুনিমুল ইসলাম মুন্না।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, “গত ৩০ জুলাই (বৃহস্পতিবার) ‘বদলগাছী মিডিয়া’ নামের একটি ফেক আইডি থেকে আমার ছবি ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর পোস্ট করা হয়। বদলগাছী উপজেলায় এ ধরনের কোনো ঘটনার অস্তিত্বই ছিল না। মূলত রাজনৈতিক ও সামাজিকভাবে আমাকে এবং উপজেলা যুবদলকে হেয় প্রতিপন্ন করতেই পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালানো হয়েছে।”

তিনি আরও জানান, এই অপপ্রচারের ঘটনায় ইতিমধ্যে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং সাইবার সুরক্ষা আইনে আদালতে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে বদলগাছী উপজেলা যুবদলের আহ্বায়ক মেজবাউল রাজা বলেন, “উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের যুগ্ম আহ্বায়কের নামে ভুয়া আইডি থেকে একের পর এক বিরূপ মন্তব্য ও পোস্ট করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *