বৃহস্পতিবার, এপ্রিল ২৩

খুলনায় আলোচিত সুখেন হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, একজন খালাস

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া ভড়েঙ্গারচক গ্রামের আলোচিত সুখেন চন্দ্র সরদার হত্যা মামলায় প্রধান আসামি প্রকাশ সরদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) খুলনার সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী এ রায় ঘোষণা করেন।

একই মামলায় অপর আসামি প্রকাশ সরদারের স্ত্রী রূপা সরদারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ৭ মার্চ রাত আনুমানিক ৮টার দিকে পাইকগাছা উপজেলার একটি চিংড়ি ঘেরের পাশে সুখেন চন্দ্র সরদারকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। পরে তার মরদেহ ঘেরের পানিতে ফেলে দেওয়া হয়। গুরুতর জখম অবস্থায় তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন ৮ মার্চ নিহতের মা অমেলা রানী সরদার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে থানার সাব-ইন্সপেক্টর সুকান্ত প্রকাশ সরদার ও রূপা সরদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি চৌধুরী তৌহিদুর রহমান তুষার এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট স্বর্ণালী দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *