Monday, September 7

খুলনা বিভাগে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, একদিনে হাসপাতালে ৩৩৪ রোগী

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৩৩৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরে এক দিনে এটাই সর্বোচ্চ সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা।

নতুন আক্রান্তদের বড় একটি অংশ খুলনা জেলার। গত ২৪ ঘণ্টায় খুলনা জেলা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মিলিয়ে ২০৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার (৬ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানান।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের হিসাব অনুযায়ী, গত এক দিনে সরকারি হাসপাতালগুলোতে ২৮৭ জন এবং বেসরকারি হাসপাতালগুলোতে ৪৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১৬৪ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১১৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৭ জন চিকিৎসা নিতে ভর্তি হন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৪৫ জন।

বিভাগের অন্যান্য জেলার চিত্রও কম উদ্বেগের নয়। গত ২৪ ঘণ্টায় যশোরে ৩৭ জন, বাগেরহাটে ১৯ জন, ঝিনাইদহে ১৬ জন, সাতক্ষীরায় ১৫ জন, মাগুরায় ১৪ জন, কুষ্টিয়ায় ৯ জন, চুয়াডাঙ্গায় ৭ জন, নড়াইলে ৬ জন এবং মেহেরপুরে ২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সাতক্ষীরার নতুন রোগীদের মধ্যে জেলা হাসপাতালে ৯ জন এবং মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন ভর্তি হয়েছেন।

এদিকে বছরের শুরু থেকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও দ্রুত বাড়ছে। ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ৭ হাজার ১৮৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ১১২ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৮৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে চলতি বছরে এখন পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গুতে ২১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন, খুলনা জেলা হাসপাতালে ২ জন এবং বাগেরহাটে ১ জন মারা গেছেন।

এক দিনে সর্বোচ্চ ৩৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় খুলনা বিভাগে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সংশ্লিষ্টরা মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জ্বর ও ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *