Monday, September 7

মহাসড়কে বাসযাত্রায় হয়রানি বন্ধের দাবিতে মানিকগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী সেলফি ও নীলাচলসহ বিভিন্ন গণপরিবহনে শিক্ষার্থীদের ওপর হয়রানি, অসৌজন্যমূলক আচরণ ও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন করেছেন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষার্থীরা। গতকাল ৬ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সরকারি দেবেন্দ্র কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নিয়ে মহাসড়কে শিক্ষার্থীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সম্মানজনক যাতায়াত নিশ্চিত করার দাবি জানান।

কর্মসূচিতে বক্তব্য দেন মো. ফাহাদ, মো. রাকিব হোসেন, মো. মহিদুর রহমান ও মো. মোশারফ হোসাইন। বক্তারা বলেন, সেলফি ও নীলাচলসহ ঢাকা-আরিচা মহাসড়কের বাসগুলোতে প্রতিনিয়ত শিক্ষার্থীদের সাথে চালক ও সহকারীদের অসৌজন্যমূলক আচরণ ও হয়রানির শিকার হতে হয়। শিক্ষার্থীদের জন্য ন্যায্য ভাড়া নিশ্চিতের পাশাপাশি নিরাপদ যাত্রীসেবা বহাল করতে হবে।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক ও ন্যায্য দাবিগুলো অনতিবিলম্বে বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে ঢাকা-আরিচা মহাসড়কে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সাথে শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট পরিবহন মালিক, শ্রমিক সংগঠন ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *