রবিবার, এপ্রিল ১৯

কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত গাঁজার পরিমাণ ৭৬ কেজি, যা প্রায় ২ মণের সমান।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১৩, রংপুর।

র‌্যাব সূত্রে জানা যায়, সারাদেশে মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলবাড়ী গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আতিকুর রহমান নয়ন (৫০) নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে তার শয়নকক্ষের খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তাকে গ্রেফতার করা হয়। তিনি পূর্ব ফুলমতি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‌্যাব-১৩, রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *