
|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
নতুন কুঁড়ি স্পোর্টস/২০২৬-এর বালক ফুটবল প্রতিযোগিতায় খেলার সময়সূচি গোপন করে ফুলবাড়ী উপজেলা দলকে পরিকল্পিতভাবে বঞ্চিত করার অভিযোগ উঠেছে কুড়িগ্রাম জেলা পরিচালনা কমিটির বিরুদ্ধে। এ ঘটনায় কোচ, খেলোয়াড়, অভিভাবকসহ স্থানীয় ক্রীড়ামোদী মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ মে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম রাউন্ডে ফুলবাড়ী উপজেলা বালক ফুটবল দল রাজারহাট উপজেলা দলকে ১-০ গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়। খেলা শেষে সংশ্লিষ্টদের জানানো হয়, পরবর্তী ম্যাচের সময়সূচি পরে উপজেলা প্রশাসনকে অবহিত করা হবে।
কিন্তু পরবর্তীতে দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হলেও ফুলবাড়ী উপজেলা দলের কোচ, খেলোয়াড় কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাউকেই সময়সূচি জানানো হয়নি বলে অভিযোগ উঠেছে। অপরদিকে একই রাউন্ডের প্রতিপক্ষ উলিপুর উপজেলা দল সময়মতো খেলার তথ্য পেয়েছে বলেও দাবি করেন সংশ্লিষ্টরা।
ফুলবাড়ী দলের পক্ষ থেকে একাধিকবার জেলা ক্রীড়া সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হলেও কেবল আশ্বাস মিলেছে, কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। পরে ফাইনাল ম্যাচও সম্পন্ন হলেও ফুলবাড়ী দলকে আর মাঠে নামার সুযোগ দেওয়া হয়নি।
এ ঘটনায় খেলোয়াড়দের মধ্যে চরম হতাশা নেমে এসেছে। অনেকেই বলছেন, মাঠে জয়ের পরও প্রশাসনিক অব্যবস্থাপনা ও গোপনীয়তার কারণে তাদের স্বপ্ন ভেঙে গেছে। স্থানীয় ক্রীড়ামোদী মানুষও প্রশ্ন তুলেছেন, “বিজয়ী হওয়ার পরও কেন ফুলবাড়ী দলকে দ্বিতীয় রাউন্ডে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলো না? কেন গোপন রাখা হলো খেলার সময়সূচি?”
ফুলবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও নতুন কুঁড়ি স্পোর্টস/২০২৬-এর সদস্য সচিব মোছাঃ তাহমিনা শিরীন বলেন, “প্রথম দিনের খেলায় আমি জেলা স্টেডিয়ামে উপস্থিত ছিলাম। খেলা শেষে বলা হয়েছিল, দ্বিতীয় রাউন্ডের সময়সূচি পরে জানানো হবে। পরে জেলায় যোগাযোগ করলে জানানো হয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হবে। কিন্তু শেষ পর্যন্ত আমরা কোনো সময়সূচি পাইনি।”
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কমিটির সভাপতি দিলারা আকতার বলেন, “আমিও একাধিকবার জেলা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। আমাকে খেলার সময় ও তারিখ জানিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু তা জানানো হয়নি। এ ধরনের ঘটনায় খেলোয়াড়দের মাঝে হতাশা তৈরি হতে পারে এবং খেলাধুলার প্রতি আগ্রহ কমে যেতে পারে।”
ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ফুলবাড়ী উপজেলার ক্রীড়ামোদী মানুষ।
