বৃহস্পতিবার, জুন ৪

ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি করার সুযোগ দেওয়া হবে না : ডা. শফিকুর রহমান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

ইসলামী ব্যাংক বাংলাদেশকে কেন্দ্র করে কোনো ধরনের দখল বা নিয়ন্ত্রণের পাঁয়তারা দেশের জনগণ মেনে নেবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৩ জুন) রাতে রাজধানীর মিরপুরের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, মহানগরীর কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন এবং অধ্যাপক আনোয়ারুল করিমসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে জামায়াত আমির অভিযোগ করে বলেন, বর্তমান সরকার ইসলামী ব্যাংককে সাবেক ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের হাতে পুনরায় তুলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। অথচ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই ব্যাংকটি থেকে নিয়মনীতি তোয়াক্কা না করে প্রায় ৩৪ হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আবারও ফ্যাসিবাদী কায়দায় দেশের গোটা ব্যাংক খাতকে ক্ষতিগ্রস্ত করার পাঁয়তারা চলছে।

তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ইসলামী ব্যাংক উদ্ধারের জন্য বিরোধী দলের নেতা-কর্মীরা যেকোনো মুহূর্তে মাঠে নামতে প্রস্তুত রয়েছে, তাই এই ব্যাংক নিয়ে কাউকে টানাটানি করার সুযোগ দেওয়া হবে না। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ভূমিকার তীব্র সমালোচনা করে তিনি সরকারকে ব্যাংকিং খাতে অনতিবিলম্বে স্থিতিশীলতা বজায় রাখার জোর আহ্বান জানান। ইসলামী ব্যাংকের কোনো ক্ষতি হলে দেশের সার্বিক অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও তিনি উল্লেখ করেন।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, একটি দেশ এভাবে চলতে পারে না। বিগত সরকারের দিকে ইঙ্গিত করে তিনি প্রশ্ন তোলেন, একদল তো পালিয়ে পাশের দেশে আশ্রয় নিয়েছে, কিন্তু বর্তমান বাকি দল যাবে কোথায়?

সংসদে ও রাজপথে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, জনগণের স্বার্থে জামায়াত সবসময় একটি শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে কাজ করবে এবং তারা কখনো ‘গৃহপালিত’ বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হবে না। দেশের বর্তমান সংকট যদি কৃত্রিম হয় তবে তা দ্রুত সমাধান করার এবং প্রাকৃতিক বা বৈশ্বিক কারণে হলে বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। একই সাথে সরকারি ও বিরোধী দল একসঙ্গে কাজ করলে এবং জাতীয় সংসদ সঠিকভাবে কার্যকর হলে দেশের অনেক সমস্যার সমাধান সম্ভব বলে তিনি মনে করেন।

জ্বালানি খাতের বর্তমান নাজুক দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, দেশে গ্যাসের মজুত ক্রমাগত কমে যাচ্ছে, কিন্তু নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও উত্তোলনে সরকারের কোনো কার্যকর উদ্যোগ নেই। উল্টো গ্যাসের দাম একলাফে ৬০০ থেকে ৭০০ টাকা বাড়িয়ে পরবর্তীতে লোকদেখানো মাত্র ৫০ টাকা কমানো জাতির সঙ্গে এক চরম তামাশার শামিল।

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির তীব্র সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা এখন কঠিন হয়ে পড়েছে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও চরম অবনতি ঘটেছে। এই সামগ্রিক পরিস্থিতিতে জনগণের মৌলিক অধিকার ও স্বার্থ রক্ষায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শিগগিরই রাজপথে নতুন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলে তিনি জানান।

পরিশেষে, একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনের লক্ষ্যে দেশের বিদ্যমান সমাজব্যবস্থার আমূল পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *