
|| আন্তর্জাতিক ডেস্ক ||
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। ইরানের সঙ্গে সমঝোতার আশায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে আলোচনার ঘোষণা দেওয়ার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৬ শতাংশের বেশি কমেছে। বাজার বিশ্লেষকদের মতে, নতুন এই কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিতে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ অনেকটাই কেটে গেছে।
বার্তাসংস্থা রয়টার্স জানায়, সোমবার (৩ আগস্ট) ব্র্যান্ড ক্রুড ফিউচার্সের দাম ৬ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৮২ দশমিক ৪১ ডলারে নেমে আসে। মূলত ট্রাম্পের বক্তব্যের পরপরই তেলের বাজারগুলোতে বিক্রির চাপ কয়েকগুণ বেড়ে যায়।
প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনের পথ সুগম করতেই এই আলোচনার সুযোগ দেওয়া হচ্ছে। সমঝোতার স্বার্থে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলাও আপাতত স্থগিত রাখার কথা জানান তিনি।
এদিকে মার্কিন-ইরান সম্ভাব্য আলোচনার খবরে বৈশ্বিক শেয়ারবাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার্স ০ দশমিক ৪ শতাংশ এবং নাসডাক ফিউচার্স ০ দশমিক ৬ শতাংশ বেড়েছে। তবে এশিয়ার বাজারে উল্টো চিত্র দেখা গেছে; জাপানের নিক্কেই সূচক ১ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ৩ দশমিক ৬ শতাংশ কমেছে।
