Thursday, July 30

ইবি তরুণ কলাম লেখক ফোরামের বর্ষসেরা লেখক মোজাহিদ ও সংগঠক ফারদিন

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৫–২৬ কার্যবর্ষের ‘বর্ষসেরা লেখক’ ও ‘বর্ষসেরা সংগঠক’ সম্মাননা প্রদান করা হয়েছে।

সংগঠনের বার্ষিক মূল্যায়নের ভিত্তিতে লেখালেখিতে ধারাবাহিক অবদান, সৃজনশীলতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখায় ‘বর্ষসেরা লেখক’ এবং সাংগঠনিক কার্যক্রমে নিষ্ঠা, নেতৃত্ব, দায়িত্বশীলতা ও সক্রিয় ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ ‘বর্ষসেরা সংগঠক’ সম্মাননা প্রদান করা হয়। বর্ষসেরা লেখক নির্বাচিত হন ২০২২-২৩ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ও সংগঠনের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোজাহিদ হোসেন ও বর্ষসেরা সংগঠক নির্বাচিত হন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী ও সংগঠনের প্রচার সম্পাদক ফারদিন মোহাম্মদ।

সাহিত্য সম্পাদক মো: মোজাহিদ হোসেন বলেন, প্রথমেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক ‘বর্ষসেরা লেখক’ নির্বাচিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত। ​লেখালেখি কেবল লেখক হওয়ার জন্য নয়, বরং সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন অসংগতি তুলে ধরা এবং ইতিবাচক পরিবর্তনের জন্য সচেতনতা তৈরির একটি শক্তিশালী হাতিয়ার। আমি সবসময় চেষ্টা করেছি আমাদের সমাজ ও দেশের বিভিন্ন সামজিক সমস্যা ও অসংগতি লেখনীর মাধ্যমে তুলে ধরার।  আজকের এই স্বীকৃতি আমার এই প্রচেষ্টাকে আরও ত্বরান্বিত করবে। সর্বশেষ বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার কাছে আমি কৃতজ্ঞ এবং আজকের এই অর্জন আমি উৎসর্গ করছি আমার সম্মানিত মায়ের প্রতি এবং বড় ভাইদের প্রতি।

প্রচার সম্পাদক ফারদিন মোহাম্মদ বলেন, প্রথমেই মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। তার অশেষ রহমত ও অনুগ্রহেই বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫–২৬ কার্যবর্ষে ‘বর্ষসেরা সংগঠক’ হিসেবে নির্বাচিত হয়েছি। এ সম্মান প্রদানের জন্য সংগঠনের সকল দায়িত্বশীল, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার বিশ্বাস, একজন কলাম লেখক ও সংগঠকের দায়িত্ব শুধু লেখালেখিতে সীমাবদ্ধ নয়; বরং সত্যকে তুলে ধরা, মুক্তচিন্তার বিকাশ ঘটানো এবং লেখনীর মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যেই আমি সংগঠনের মূল চেতনাকে ধারণ করে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে দেশ, সমাজ ও সংগঠনের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করবে, ইনশাআল্লাহ।

সম্মাননা পাওয়া দুই সদস্য এ স্বীকৃতির জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং সংগঠনের উপদেষ্টা, কেন্দ্রীয় ও শাখা কমিটির নেতৃবৃন্দসহ সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে লেখালেখি এবং সংগঠনের কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *