
|| স্পোর্টস ডেস্ক ||
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে নতুন উত্তাপ ছড়িয়েছে ম্যানচেস্টার সিটি। রবিবার (১৯ এপ্রিল) ইতিহাদ স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে আর্সেনালকে ২-১ গোলে পরাজিত করে শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে পেপ গার্দিওলার শিষ্যরা। দলের হয়ে জয়সূচক গোলটি করেন গোলমেশিন আর্লিং হালান্ড।
ঘরের মাঠে ম্যাচের শুরুতেই রায়ান শেরকির গোলে লিড নেয় ম্যানচেস্টার সিটি। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি; গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার এক মারাত্মক ভুলের সুযোগ নিয়ে দ্রুতই ম্যাচে সমতায় ফেরে আর্সেনাল। বিরতির পর দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে গেলেও শেষ হাসি হাসে সিটিজেনরাই। দ্বিতীয়ার্ধে আর্লিং হালান্ডের দুর্দান্ত এক ফিনিশিংয়ে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের জন্য এই ম্যাচটি ছিল শিরোপার ভাগ্য নির্ধারণী পরীক্ষা। কিন্তু মিকেল আর্তেতার দল গুরুত্বপূর্ণ এই ম্যাচে পয়েন্ট হারিয়ে নতুন চাপে পড়ল। লিগের বাকি আর মাত্র পাঁচটি ম্যাচ। এই হারের ফলে আর্সেনালের সাথে সিটির পয়েন্ট ব্যবধান এখন অনেকটাই কমে এসেছে, যা প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইকে নিয়ে গেছে রোমাঞ্চকর এক পর্যায়ে। ম্যানসিটির এই নাটকীয় জয় গানার্সদের শিরোপা স্বপ্নকে বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিল।
