
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
আজ ৩ মে, রবিবার সারা দেশে এবং বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’। প্রতি বছর এই দিনে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষার অঙ্গীকার নিয়ে দিবসটি উদযাপিত হয়। এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। এই উপলক্ষে দেশের সাংবাদিকরা পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় এবং সংবাদপত্রের স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
১৯৯১ সালে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশের ভিত্তিতে ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ৩ মে তারিখকে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। এরপর থেকে প্রতি বছর বিশ্বজুড়ে গণমাধ্যমকর্মীরা এই দিবসটি পালন করে আসছেন। দিবসটিতে সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় যে কোনো ধরনের হস্তক্ষেপ প্রতিহতের শপথ এবং পেশাগত দায়িত্ব পালনকালে নিহত ও ত্যাগী সাংবাদিকদের স্মরণসহ তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
দিবসটি উপলক্ষে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আজ রাজধানীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে। সকাল ৯টায় রাজধানীর অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে তথ্য ভবন কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।
এছাড়া আজ সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউস রোডে অবস্থিত তথ্য ভবন কমপ্লেক্সের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।
